একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় মৌলভীবাজার আদালতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করায় হট্টগোল ও রাষ্ট্রপক্ষের নারী আইনজীবী সেলিনা আক্তারকে হেনস্তার ঘটনা ঘটেছে।
২০১৮ সালের ১৯ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে জনি আহমদ ৪৪ জনকে আসামি করে মামলাটি (জি আর ৩৬০/২০১৮) করেন। ১২ নভেম্বর ২০১৯ তারিখে এ মামলার আসামি ইমরান আহমদ ও সুলতান আহমদসহ অন্যদের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর বিক্ষুব্ধ সমর্থকরা আইনজীবী সেলিনা আক্তারকে অবরুদ্ধ করে গালিগালাজ ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। তবে কোর্ট পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
কোর্ট পুলিশ ইনচার্জ জাহেদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।